জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবসে ধানমণ্ডিতে প্রতি বছরের মত এবারও তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবার পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে সরাসরি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে আসেন। সেখানে একাকী কয়েক মিনিট অবস্থান করেন। এরপর বাড়ির সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্মর্তব্য, বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ধানমণ্ডি ৩২ নম্বরের এই বাড়ি। স্বাধীনতা আন্দোলনের উত্তাল দিনগুলোতে কোন কর্মসূচি ছাড়াই হাজার হাজার মুক্তিকামী বাঙালি প্রতিদিন হাজির হতো বাড়িটির সামনে। তারা দিকনির্দেশনা নিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে।













