ফের বিতর্কে সাব্বির

১৬ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): ক্যারিয়ারে বহু বিতর্কের জন্ম দিয়েছেন সাব্বির রহমান রুম্মন। ম্যাচ চলাকালীন গ্যালারিতে গিয়ে দর্শক পিটিয়ে ছয় মাস নিষিদ্ধ পর্যন্ত হয়েছেন তিনি। এবার আবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা লিগে খেলা এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে।

তার বিরুদ্ধে গালাগাল ও বর্ণবাদমূলক আচরণের অভিযোগ এনে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর কাছে চিঠি দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সিসিডিএমকে পাঠানও অভিযোগের চিঠিতে শেখ জামাল লিখেছে- ১৬ জুন বুধবার বিকেএসপির ৩নং মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মধ্যকার খেলা চলাকালীন ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ ইলিয়াস সানিকে লিজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড় সাব্বির রহমান রুম্মন মাঠের বাহির হতে বিনা কারণে উপর্যুপরি ইট ছুড়ে মারেন।

চিঠিতে আরও লেখা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণবৈষম্যমূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ১২১ রানের লক্ষ্য দিয়ে শেখ জামাল তখন ফিল্ডিয়ে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে গালাগালি করার পাশাপাশি ইট ছুড়ে মারেন সাব্বির।

ক্রিকেট/এসকেএম