বড়শিতে ধরা পড়ল ১৩০ কেজির শাপলা পাতা মাছ

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ১৩০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ। মাছটি স্থানীয় বাজারে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। যদিও শাপলাপাতা মাছ শিকার করা ও বেচাকেনা বন্য প্রাণী সংরক্ষণ আইনে নিষিদ্ধ।

শুক্রবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকতে শাপলাপাতা মাছটি বিক্রয় করা হয়।

মাছটি বিক্রি করেন স্থানীয় জেলে আবদুল আমিন। টেকনাফের নুর মোহাম্মদ নামের এক পাইকারি ব্যবসায়ী মাছটি কিনে নেন। পরে একটি জিপে করে মাছটি টেকনাফ সদরে নিয়ে যান ওই ব্যবসায়ী।

জেলে আবদুল আমিন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে নৌকা নিয়ে তিনিসহ তিন জেলে সাগরে মাছ ধরতে যান। কোরালসহ বড় আকারের মাছ ধরার উদ্দেশ্যে সাগরে বড়শি ফেলেন তারা। ভোররাতের দিকে বড়শিতে বিশাল আকৃতির শাপলাপাতা মাছটি ধরা পড়ে। ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সমুদ্রের অগভীর স্থানে তলদেশ ঘেঁষে বিচরণ করে শাপলাপাতা মাছ। ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। জেলেদের বিভিন্ন সভা-সেমিনারে শাপলাপাতা মাছ না ধরার জন্য উৎসাহিত করা হয়। তবুও শাপলাপাতা মাছ শিকার করা দুঃখজনক।

শাপলাপাতা মাছ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *