বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৯ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের একটি বসত ঘর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে কয়া ইউনিয়নের কয়া আবাসন ২ এর বসত ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত স্বামী-স্ত্রী কয়া ইউনিয়নের আবাসন ২ এর জামাল শেখের ছেলে ২৫ বছর বয়সী সুমন শেখ ও তার স্ত্রী ২০ বছর বয়সী সোনিয়া খাতুন সনি।

আবাসনের সভাপতি আজিবর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সুমনের বাবা তাকে ফোন দিয়ে কান্নাকাটি করেন। তিনি দোকান বন্ধ করে সুমনের বাড়িতে আসেন। এসে সুমনের স্ত্রীর হাতের আঙ্গুলে কারেন্টের তার পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সুমনের নিথর দেহ বারান্দায় শুইয়ে রাখা হয়েছে। এসময় সুমনকে সেবা শুশ্রূষা করে কোনও লাভ হয়নি। কিছু সময়ের মধ্যে স্থানীয় গ্রাম্য ডাক্তার এসে দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সুমনের স্ত্রী সোনিয়ার বাবা খোকসার হেলালপুরের লিটন হোসেন জানান, আইসক্রিম বিক্রেতা সুমনের সাথে তার মেয়ের ৪ বছর আগে বিয়ে হয়। তাদের ২ বছরের একটি ছেলে আছে। তার জামাই ও মেয়ের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। কেন আত্মহত্যা করল এটা বোঝা যাচ্ছে না। তবে বাড়ির আশেপাশের লোকজন তাকে জানিয়েছে তার মেয়ে বৈদ্যুতিক শক লেগে মারা গেছে।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

শোক/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ