বাঘের সাথে লড়াই

১৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, সাতক্ষিরা): সঙ্গীকে বাঁচাতে বাঘের সাথে লড়াই করেছেন সুন্দরবনের মৌয়ালরা। এতে জীবন রক্ষা পেয়েছে রবিউল ইসলাম নামের এক মৌয়ালের। ৩৩ বছর বয়েসি মৌয়াল এখন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মঙ্গলবার বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষিরা রেঞ্জের হলুদবুনিয়ার কাছে আমড়াতলী খালে বাঘ-মানুষের এই লড়াই হয়।

বাঘের কবল থেকে বেঁচে ফেরা রবিউল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে রবিউল ও তার সাথীরা মধু ভাঙতে সুন্দরবন যান।

জানা গেছে, রবিউল ও তার সাথীরা মধুর চাক ভেঙে খালে ফিরে নৌকায় বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎই একটি মানুষখেকো বাঘ নৌকা থেকে রবিউলকে তুলে নিয়ে যায়। রবিউল ও তার সাথীদের চিৎকারে বাঘটি দ্রুতবেগে রবিউলকে টেনে হিঁচড়ে নিয়ে যায়।

রবিউলের সাথীরা বৈঠা, ধারালো অস্ত্র, লাঠি ও কাদামাটি নিয়ে বাঘের পিছু নেয়। বাঘটি থেমে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে তার চোখে কাদা ছিটিয়ে দেয়া হয়। এই পর্যায়ে রবিউলের সাথীরা বাঘটিকে দেম মারপিট করে। বাঘটি আত্মরক্ষায় রবিউলকে ফেলে বনের ভিতর পালিয়ে যায়।

রবিউলকে নৌকায় করে দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে ভর্তি করা হয়।

বাঘের সাথে লড়াই/এএমএম/আরএম