নিউজ ডেস্ক: বিএনপিকে এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবির ভূত মাথা থেকে নামাতে হবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে আদালত আদেশ দিয়ে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে। একটা মৃত ইস্যুকে জীবন্ত করবেন এটা অসাংবিধানিক, অস্বাভাবিক। তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না, জনগণ চায় না। বিএনপিকে এখন তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামাতে হবে। তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে ফেলুন।
বুধবার বিকেলে রাজধানীর মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যে ভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন সে ভাবেই অনুষ্ঠিত হবে। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচনে সরকার কোনও প্রকার হস্তক্ষেপ করবেনা।
দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবীকে মিথ্যা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ময়মনসিংহ ও ফরিদপুরে বিএনপির ওপর হামলার দাবি ভুয়া। মির্জা ফখরুল ভুল তথ্য দিয়েছেন। উল্টো বিএনপির কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা হয়েছে।
আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সভায় দলের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য সাদেক খান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুসহ অন্যরা।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply