বিএনপি’র কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে

২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে। বিএনপি’র কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে।

শনিবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকারের হৃদকম্প শুরু হয়েছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা প্রতিদিনই নতুন নতুন তথ্য উপস্থাপন করেন। আর মাঝে মাঝে তার বাকচাতুর্য কল্পনাকেও হার মানায়। এ সব সৃজনশীল কথামালার চাতুরীতে তারা আত্মতৃপ্তি বোধ করতে পারেন। কর্মীদের রোষানল থেকে নিজেদের সুরক্ষার জন্য কল্পনার ফানুস উড়াতে পারেন। কিন্তু বাস্তবের সাথে তাদের বক্তব্যে বিপরীত তা দেশের মানুষ ঠিকই জানেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশংকা বিএনপিকে আগেই পেয়ে বসেছে। তাই তাদেরই হৃদয়ে হৃদকম্পন শুরু হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ভয়ে কাঁপে না, চ্যালেঞ্জ আর লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই বঙ্গবন্ধুর রাজনীতি। আর সেই রাজনীতিই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে করে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজপথ জানে আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রামের বীরত্বগাথা আর সমৃদ্ধ ইতিহাস। জনগণের জানে বিএনপি’র হঠকারিতা, গণতন্ত্র হত্যা, ষড়যন্ত্র, লুটপাট আর সুবিধাবাদী রাজনীতির কথা।

বিএনপি’র জনসমর্থনের জোয়ারতো গত তের বছরে কোন নির্বাচনে দেখা যায়নি উল্লেখ করে সেতু মন্ত্রী বলেন, তারা ভরাডুবির ভয়ে এখন নির্বাচন বিমুখ। তাই রাজপথ আর ভোটের ময়দান ছেড়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকে সীমাবদ্ধ করে রেখেছে।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *