বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার কোন বাধা দিবে না

নিউজ ডেস্ক: বিএনপিকে আগুন সন্ত্রাসের ব্যাপারে হুশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার কোন বাধা দিবে না। তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

রোববার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ যেন সুষ্ঠুভাবে করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে নির্ধারণ করা হয়েছে।

বিএনপি একটি সন্ত্রাসী দল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কানাডার ফেডারেল আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছ। তাদের রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও।

রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া নেতাকে নেতা বানানো এতো সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষকে ধোঁকা দেয়ার সময় শেষ।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকার এখন আদালত কর্তৃক নিষিদ্ধ, এটা এখন মিউজিয়ামে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই, আগামী জাতীয় নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবে হবে।

পিরোজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু।

এছাড়া আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ অন্যরা।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *