বিএনপি একটি বিচ্ছিন্ন রাজনৈতিক দল

২৮ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। পক্ষান্তরে, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এই মূহুর্তে দেশের একমাত্র সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দল।

সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যরা।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতা কে? এমন প্রশ্ন রেখে সড়ক পরিবহন মন্ত্রী আবারও বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে বলেন, তাদের দুই শীর্ষ নেতা দন্ডপ্রাপ্ত আসামী। আইন অনুযায়ী তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, তাই জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করে চলেছে।

এসময় দলের নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে। অনিয়ম করে দলের মনোনয়ন দেয়ার দিন শেষ। আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্ব ইজারা দেয়নি।

ত্যাগী নেতারা আওয়ামী লীগের আস্থার ঠিকানা দাবি করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।

ত্যাগী নেতাদের দলে কোনঠাসা করে না রাখতে দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পকেট ভারি করার জন্য লোক সৃষ্টি করা যাবে না। দুঃসময়ের কর্মীরাই দলের আসল বন্ধু।

প্রতিপক্ষকে দুর্বল না ভাবতে নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র চলছে। তারা সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগকে হারাতে চেষ্টা করবে, সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *