বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনজুরুল ইসলাম নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহপুর কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২২ বছর বয়সী নিহত মনজুরুল ইসলাম উপজেলার পুনট্টি ইউনিয়নের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুনট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাজেদুর রহমান বলেন, গতকাল মধ্যরাতে শাহপুর কামারপাড়া সীমান্তের ৫০ মিটার দূরে মনজুরুলের লাশ পড়ে ছিল। গুলির আওয়াজ শুনতে পায় পরিবারের লোকজন। পরে মনজুরুলের লাশ উদ্ধার করে বাসায় নিয়ে আসেন তারা। তবে কী কারণে সীমান্তের কাঁটাতারের কাছে তিনি গিয়েছিলেন, সে বিষয়ে কোনও ধারণা পাওয়া যায়নি। কারণ, লাশ উদ্ধার করে আনার সময় তার সাথে অবৈধ কোনও কিছু পাওয়া যায়নি।

নিহত মনজুরুলের ভাই ফরিদুল ইসলাম দাবি করেন, তার ভাই কৃষিকাজ করেন। রাতে খাওয়া-দাওয়া শেষ করে তিনি বাড়ির বাইরে বের হন। অনেক রাত পর্যন্ত ফেরেননি। পরে খোঁজাখুঁজি করে কামারপাড়া এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। কেন তাকে গুলি করা হলো, সে বিষয়ে তারা কিছু বুঝতে পারছেন না।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, মনজুরুলের হাতে ও কোমরে গুলির চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, চোরাকারবারি কোনও দলের সাথে তার যোগসাজশ আছে। লাশ তার নিজ বাসায় পুলিশের পাহারায় আছে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সীমান্ত হত্যা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *