৩০ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বিকালঙ্গ নির্বাচন কমিশনকে এদেশের মানুষ কোনদিন ক্ষমা করবেনা। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ তছনছ করে নিজেদের বিকালঙ্গ প্রমাণ করেছে।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ভোটের প্রতি আগ্রহ হারিয়ে দেশের মানুষ আর ভোট দিতে যাচ্ছেনা। নির্বাচন কমিশনের অযোগ্যতা ও ব্যর্থতায় ভোটকেন্দ্র দখল হচ্ছে। সন্ত্রাস হচ্ছে এবং মানুষের প্রাণহানী ঘটছে।
শনিবার জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাতীয় যুব সংহতির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কবৃন্দ পল্লীবন্ধুর কবর জিয়ারত করতে রংপুর যাবার পথে সৈয়দপুর বিমানবন্দরে আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সৈয়দপুর পৌর নির্বাচনে কোন অনিয়ম বা কারচুপি হলে জনগণ তা মেনে নেবেনা। সৈয়দপুর পৌর নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। তখন দেশের মানুষের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত ছিলো। তাই দেশের মানুষ আবারও পল্লীবন্ধুর শাসনামলে ফিরে যেতে চায়। দেশের মানুষ গোলাম মোহাম্মদ কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টির সরকার চাচ্ছে।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি। এসময় অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় যুব সংহতির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন।
জাতীয় পার্টি/এসকেএম















Leave a Reply