বিদায়ের আগে তামিম-সাকিবের অর্ধশতক

২৫ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): নিয়ম রক্ষার শেষ ম্যাচে ক্যারিবীয় বোলারদের প্রাথমিক প্রতিরোধ ভেঙে দিয়েছে বাংলাদেশ। অর্ধশতক তুলে নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল ও নাম্বার ওয়ান সাকিব আল হাসান। তবে নিজের ইনিংসকে ম্যাজিক ফিগারে পরিণত করতে পারেননি কাপ্তান টাইগার।

তৃতীয়বারের মত টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। সোমবার সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে টস জিতে জেসন মোহাম্মদ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগারদের।

ইনিংসের প্রথম ওভারে নিজের চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন দাস। কোন রান না নিয়েই আলজারি জোসেফকে উইকেট উপহার দেন ওপেনার লিটন।

ওয়ান ডাউনে নেমে ৩০ রানে ২০ রান করেন নাজমুল হোসেন শান্ত। কাইল মায়েসের বলে তিনিও আউট হন এলবিডব্লিউ হয়ে। তার আগে বল বাউন্ডারি ছাড়া করেন দুই বার।

চার নাম্বারে নেমে অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন সাকিব। অপর প্রান্তে সিঙ্গেল-ডবলসে ভর করে রানের চাকা সচল রাখেন তামিম। তিন চার ও এক ছক্কায় ৬৪ রান করেন দেশ সেরা ওপেনার। যোসেফের বলে আকেয়াল হোসেনের হাতে ক্যাচ তুলে দেন ৮০তম বলে।তার প্রথম ৫০ রান আসে ৭০ বল থেকে।

তামিমের বিদায়ে মাঠে নামেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম। ইতোমধ্যে সাকিবও তুলে নিয়েছেন নিজের অর্ধশতক। ৭৮ বলে তিনি হাফ সেঞ্চুরির দেখা পান। ৫১ রানের পর সাকিব ক্রিজ ছাড়েন ৮১ বল মোকাবেলা করে। রেমন রেফারের বলে ক্লিন বোল্ড হন তিনি।

শেষ খবর, বাংলাদেশ ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৯৭ রান। মুশি ৩৭ বলে ৩৮ রান করেছেন। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের সংগ্রহ ৯ বলে ৮ রান।

স্বাগতিক বাংলাদেশ প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে। আজকের ম্যাচ জিতে সিরিজ থেকে পুরো ৩০ পয়েন্ট নিতে আগ্রহী টাইগাররা।

ওডিআই/এএমএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *