বিশ্ব ডুবে-মৃত্যু প্রতিরোধ দিবস

২৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত ‘পানিতে ডুবে মৃত্যু রোধ’ বিষয়ক প্রথম রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

ঐতিহাসিক এ রেজ্যুলেশন নিউইয়র্ক সময় অনুযায়ী বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো জাতিসংঘে গৃহীত এই রেজ্যুলেশনটি উত্থাপন করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। রেজ্যুলেশনটিতে পানিতে ডুবে মৃত্যুকে একটি ‘নীরব মহামারী’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এ ধরনের রেজ্যুলেশন এটাই প্রথম। নীরব এই বৈশ্বিক মহামারীর বিষয়টিকে আন্তর্জাতিক প্লাটফর্মে নিয়ে আসতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ২০১৮ সালে থেকে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের পাশাপাশি রেজ্যুলেশনটিতে সহ-নেতৃত্ব দেয় আয়ারল্যান্ড। এতে সহ-পৃষ্ঠপোষকতা দেয় ৮১টি দেশ।

রেজ্যুলেশনটিতে পানিতে ডুবে মৃত্যু বিশ্বের প্রতিটি জাতিকেই ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি অগ্রহণযোগ্য উচ্চহারের এই মৃত্যু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে কর্ম-কাঠামোও প্রদান করা হয়েছে।

রেজ্যুলেশনটিতে বলা হয়েছে, পানিতে ডুবে-মৃত্যুর মতো প্রতিরোধযোগ্য কারণেও বিভিন্ন দেশে শিশু ও কিশোর-কিশোরীরা অকালে প্রাণ হারাচ্ছে। পানিতে ডুবে-মৃত্যু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, জাতীয় পদক্ষেপকে উৎসাহিত করা এবং এ বিষয়ক সর্বোত্তম অনুশীলন ও সমাধানসমূহ পারষ্পরিকভাবে ভাগ করে নিতে ২৫ জুলাইকে ‘বিশ্ব ডুবে-মৃত্যু প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছে সাধারণ পরিষদ।

রেজ্যুলেশনটি উত্থাপনের আগে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বৃহত্তর বৈশ্বিক রাজনৈতিক প্রতিশ্রুতি আদায়ে একটি জাতিসংঘ রেজ্যুলেশন গ্রহণের তাগিদ অনুভব করেছিল বাংলাদেশ। আর সে কারণেই এই প্রচেষ্টায় জাতিসংঘে বাংলাদেশ নেতৃত্ব দিতে পেরে সম্মানিত বোধ করছে।

বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৮ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায় বলে উল্লেখ করেন তিনি। বলেন, বাংলাদেশে ইতোমধ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সে রয়েছে শিক্ষা, নারী ও শিশু, সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সসহ ১২টি মন্ত্রণালয়/বিভাগ। এই টাস্কফোর্স ‘পানিতে ডুবে মৃত্যু হ্রাস সংক্রান্ত জাতীয় কৌশল’ প্রণয়ণে কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বে প্রতিবছর ২ লাখ ৩৫ হাজার মানুষ পানিতে
ডুবে মারা যায়।

পানিতে মৃত্যু/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *