১১ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাথে টেলিফোন আলাপে বেটউইনার নিউজের সাথে সম্পর্কচ্ছেদের কথা মৌখিকভাবে জানিয়েছিলেন সাকিব আল হাসান। তারপরও বিসিবি অপেক্ষায় ছিল সাকিবের কাছ থেকে এ ব্যাপারে লিখিত প্রতিশ্রুতির। সাকিবের সেই চিঠি পাওয়া যায়নি বলে আজ দুপুরে বিসিবি সভাপতির অফিসে বোর্ডের নেতৃস্থানীয় পরিচালকদের সাথে সভা শেষ হয়েছে কোনও সিদ্ধান্ত ছাড়াই। সেই সভা থেকে বেরিয়ে বিসিবি সভাপতি সাংবাদিকদের ব্রিফিং করার কিছুক্ষণ পরই সাকিব আল হাসানের সেই চিঠি পেয়েছে বিসিবি।
বিসিবি সভাপতি সাকিবের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেছেন, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সাথে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।
একটি সূত্রে জানা গেছে, চিঠিতে সাকিব বেটউইনার নিউজের সাথে সব সম্পর্ক ছিন্ন করার কথা তো জানিয়েছেন। সেই সাথে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন।
চিঠি পেয়েও অবশ্য বিসিবি পুরো সন্তুষ্ট হয়নি। বিসিবি সভাপতির কথাতে সেটিরই আভাস, সাকিবের চিঠি পাওয়ার পর অনেকেই বলেছিলেন, আজই এশিয়া কাপের দল ঘোষণা করে দিতে। কিন্তু আমি রাজি হইনি। সাকিব ১২ তারিখ (আগামীকাল) রাতে দেশে ফিরবে। ১৩ তারিখ সকালে আমি ওর সাথে বসব। সব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবে। এরপর যা সিদ্ধান্ত নেয়ার নেব।
গত ২ আগস্ট সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুকে একটা পোস্ট দিয়ে বেটউইনার নিউজ–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা জানান। বেটউইনার একটি অনলাইন বেটিং ও ক্যাসিনোর ওয়েবসাইট। আজ বিকালে পরিচালকদের সাথে সভার পর বিসিবি সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, সাকিবকে বেটউইনারের সাথে চুক্তি অথবা বাংলাদেশের পক্ষে খেলার মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে হবে।
সাকিব আল হাসান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply