৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ জনগণের তীব্র দুর্ভোগের জন্য দায়ী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হতে সরকারকে নির্দেশ দিয়েছেন। বলেছেন তাদের বিচারের আওতায় আনার জন্য।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় রপ্তানি ট্রফি-২০১৭-১৮’ হস্তান্তর অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের (ব্যবসায়ীদের) অবশ্যই সতর্ক থাকতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে যাতে কিছু অসাধু লোকের জন্য পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।’
তিনি বলেন, ‘একটি মুক্ত বাজার অর্থনীতিতে, সরবরাহ এবং চাহিদার অবস্থা বিবেচনা করে পণ্যের দাম নির্ধারণ করা হয়। কিন্তু আমাদের এখানে চাহিদা ও সরবরাহের সমন্বয়হীনতা নয় বরং কারসাজি করে পণ্যের দাম বাড়ানো হয়। এটা কোনোভাবেই কাম্য নয়।’
রাষ্ট্র প্রধান উল্লেখ করেন, ‘এখানে কোনো উৎসব এলেই দেখা যায়, উৎসবকে পুঁজি করে কীভাবে জনগণের পকেট কাটা যায়, তা দেখার অপেক্ষায় থাকে ক্ষুদ্র ও দানব ব্যবসায়ীদের একটি অংশ।’
তিনি আশা প্রকাশ করেন, রপ্তানি বৃদ্ধির মাধ্যমে আমরা আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারব, নতুন বিনিয়োগ আকর্ষণ করতে পারব এবং সর্বোপরি জাতীয় আয়ও বাড়াতে পারবো।
আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি বাড়াতে মেয়র তাপসের নির্দেশ
রাষ্ট্রপতি উচ্চমূল্য সংযোজন পণ্য উৎপাদনের জন্য দেশীয় কাঁচামালের ওপর নির্ভরশীল রপ্তানি পণ্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে রপ্তানি খাতে অসামান্য অবদানের জন্য ৬৬টি প্রতিষ্ঠানকে ট্রফি দেয়া হয়।
রাষ্ট্রপতি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply