১৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস প্রতিরোধে আরোপিত কঠোর বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করেছে সরকার। এতে ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে ফিরছে। ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকাল ৬ টা পর্যন্ত।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে , ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকের লেনদেন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এসময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে হবে।
এদিকে ঈদের আগে পোশাকশিল্প এলাকার ব্যাংকের শাখা ১৭ ও ২০ জুলাই খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তখন এসব শাখায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। যেসব এলাকার ব্যাংক শাখা খোলা রাখতে হবে, সেগুলো হলো ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম।
ব্যাংকিং সময়সীমা/এসকেএম













