ভাইয়ের হাতে ভাই খুন

৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার লালচান্দ চা বাগান থেকে ছোট ভাইয়ের লাশ উদ্ধার করে বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ছোট ভাইয়ের নাম নিক্ষন বাউরী আশিস। তার বয়স হয়েছিল ২৫ বছর। তিনি ওই এলাকার ১৩ নম্বর বস্তির পয়তু বাউরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পয়তু বাউরীর তিন ছেলে- আশিস বাউরী, শিবু বাউরী ও নানকা বাউরী। তারা সবাই আলাদা আলাদা বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার বিকালে নিক্ষন বাউরীকে বাড়িতে না পেয়ে তার ভাই শিবু বাউরী খুঁজতে বের হন।

সন্ধ্যায় তার আরেক ভাই নানকা বাউরীর ঘরে এসে নিক্ষনের লাশ দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় মেম্বারকে জানান। মেম্বার বিষয়টি চুনারঘাট থানা পুলিশকে জানান।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বড় ভাই নানকা বাউরীর শ্যালিকাকে বিয়ে করেন ছোট ভাই আশিস। তার দেড় বছরের একটি কন্যাসন্তানও রয়েছে।

জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে আশিস তার স্ত্রী স্বপ্নাকে তালাক দিয়ে দেন। এ নিয়ে বড় ভাই ও তার শশুরবাড়ির লোকজনের মধ্যে সালিশ বিচারও হয়।

ধারণা করা হচ্ছে, তার স্ত্রীর বিষয় নিয়ে বাকবিতণ্ডার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর তার বড় ভাই নানকা বাউরীসহ তার স্ত্রী পলাতক রয়েছেন।

চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, আমরা লাশ উদ্ধার করেছি, সকালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ