১৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে নাগরিকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। করোনাকালে যাদের প্রাণ গেছে, এটাকে গণহত্যার সাথে তুলনা করা যায়। যার জন্য সরকার দায়ী থাকবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। সজীব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত ও করোনা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভিপি নুর দাবি করেন, অন্যান্য সময়ের চেয়ে করোনাকালে রাজনৈতিক দমন-পীড়ন বেড়েছে। তিনি বলেন, সম্প্রতি আমরা দেখছি, মাদ্রাসা ও ইসলামিক মানসিকতার মানুষদের বেশি গুম করা হচ্ছে। এটার কারণ আমরা বলতে পারি না। প্রত্যেকটি গুম খুনের সাথে রাষ্ট্রীয় বাহিনী জড়িত। যদি রাষ্ট্রীয় বাহিনী জড়িত না থাকে তাহলে তারা খুঁজে বের করুক এই গুম কারা করছে। এটা তাদের দায়িত্ব।
ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ সাকিসহ অন্যান্য নেতারা।
আরও পড়ুন: ছাঈদ-তাপস দু’জনই লুটেরা, দুর্নীতিবাজ
জোনায়েদ সাকি তার বক্তব্যে রূপগঞ্জের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার প্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, একটা বড় ট্র্যাজেডি ঘটার পর এর জন্য কে দায়ী তা নিয়ে একে অপরকে দোষারোপ করে। কিন্তু দুর্ঘটনারোধে পদক্ষেপ নেয়া হয় না।
বিস্ফোরক মন্তব্য/আরএম/রমু















Leave a Reply