নিউজ ডেস্ক: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালের হাট এলাকায় ইলিশা-১ নামের আরেকটি নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান মিলেছে।
শুক্রবার সকাল সাতটায় কূপের মুখে আগুন দেয়া হয়। এ কূপ থেকে দৈনিক ২০–২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এ নিয়ে ভোলার মোট ৯টি কূপে গ্যাসের সন্ধান পেল বাপেক্স।
দেশে জ্বালানির সংকট দূর করার লক্ষ্যে দেশীয় গ্যাসের উৎপাদনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে ভোলার ইলিশা-১ কূপ খননের উদ্যোগ নেয় বাপেক্স। গত ৮ মার্চ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মালের হাটসংলগ্ন এলাকায় ইলিশা-১ কূপ খনন শুরু হয়। ৩ হাজার ৪৭৫ মিটার গভীরতায় খনন করে ৩টি স্তরে ডিএসটি (ড্রিল স্টেম স্টেট)-এর মাধ্যমে সফলভাবে কূপ খনন শেষ হয় ২৪ এপ্রিল। আজ সকাল সাতটায় কূপের মুখে আগুন দেয়া হয়।
বাপেক্স সূত্রে জানা যায়, তাদের নকশা ও নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাশিয়ার গাজপ্রম কূপটিতে খননকাজ পরিচালনা করছে। গ্যাসসংক্রান্ত আরও বিস্তারিত জানতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যায়, আগামী ১৫ মে থেকে গ্যাস উত্তোলনের উপযোগী হবে কূপটি।
ইলিশা-১ কূপে গ্যাসের সন্ধান পাওয়ার এই খবরে ভোলাবাসী উচ্ছ্বসিত। তারা এখন ওই এলাকায় গ্যাসকূপের মুখে আগুন দেখার জন্য ভিড় করছে। ওই গ্যাসকূপকে কেন্দ্র করে ভোলায় অনেক শিল্পকারখানা সৃষ্টি হবে বলে আশা করছে তারা। এতে স্থানীয় জনসাধারণের কর্মসংস্থান বাড়বে।
১৯৯৩-৯৪ সালে ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় আটটি কূপ খননের কাজ সম্পন্ন হয়েছে। ইলিশা-১ জেলার নবম গ্যাসক্ষেত্র। জেলায় মোট গ্যাস মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট।
গ্যাসকূপ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply