মসজিদে কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একটি মসজিদে দান করা কাঁঠালের নিলামকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে দ্বীন ইসলামের প্রতিপক্ষ সুনু মিয়া ও জুনাব আলীর পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল ইসলাম, আব্দুস সুফি মিয়ার ছেলে বাবুল মিয়া এবং আব্দুল বাছিতের ছেলে শাহজাহান মিয়া। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এর মধ্যে বাবুল মিয়া ও নুরুল ইসলাম দ্বীন ইসলাম পক্ষের লোক। আর মোহাম্মদ শাহজাহান জুনাব আলী পক্ষের লোক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসনাবাদ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে গ্রামবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয় এবং দাম হাঁকানো হয়। এতে গ্রামের দ্বীন ইসলামের পক্ষের লোকজন দামের কথা শোনা যাচ্ছে না বলে আওয়াজ তুললে প্রতিপক্ষ একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলী গংরা বলে উঠেন মসজিদের ভেতরে অবস্থানকারী সবাই শুনলেও তোমরা কেন শুনতে পাও না- এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে সকালে দ্বীন ইসলামের লোকজনের সাথে প্রতিপক্ষ সুনু মিয়া ও জুনাব আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে বাবুল মিয়া ও নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মোহাম্মদ শাহজাহান মিয়া মারা যান।

এ ব্যাপারে জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত সুজন জানান, রোববার রাতে এবং আজকে ভোরে হাসনাবাদ গ্রামে গিয়ে উভয়পক্ষের লোকজনের সাথে আলাদাভাবে বৈঠক করে কথা বলেছি। উভয়পক্ষের লোকজন আমাকে আশ্বস্ত করেছিলেন- কোনও পক্ষই মারামারিতে যাবেন না। এমন আশ্বাসের পর তাদের শান্ত করে উপজেলা পরিষদের মিটিংয়ে আমি চলে আসি। পরে শুনতে পাই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। একটি কাঁঠাল নিয়ে এমন অনাকাঙ্খিত ঘটনা খুবই দুঃখজনক।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

সংঘর্ষ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *