যাত্রীবাহী বাস থেকে তিন বিপন্ন বন্য প্রাণী উদ্ধার

নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বন্য প্রাণী পাচারে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপন্ন প্রজাতির একটি শজারু ও দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ এরশাদ। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার করইবাড়ি গ্রামের নোয়ার মিয়ার ছেলে। রাত ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তি বান্দরবানের আলীকদম থেকে বন্য প্রাণীগুলো পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তাকে আজ শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর জোট আইইউসিএনের তথ্য অনুসারে বর্তমানে শজারু ও লজ্জাবতী বানর বিপন্ন প্রাণী। আজ সকালে শজারুটি চুনতি অভয়ারণ্যে ও লজ্জাবতী বানর দুটি ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *