রংপুর সিটির কাউন্সিলর শিপলু গ্রেফতার

নিউজ ডেস্ক: একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টায় তাকে নগরীর বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এলাকার তার ভগিনীপতির বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে বিকাল ৫টায় তার বাসভবন পুলিশ ঘিরে রাখে। এ সময় তার সমর্থকরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিদ্যুৎ আদালতের দুইটি মামলা ও জিআর দুইটি মামলার ওয়ারেন্ট ছিল। ওই সব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হবে। এরপর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল যমুনা টেলিভিশনের ‘ক্রাইম সিন’ এ অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের রংপুর প্রতিনিধিসহ তিনজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন কাউন্সিলর শিপলু। পরদিন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ ও নেতৃবৃন্দ। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন। এছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি জাকারিয়া আলম শিপলুকে গ্রেফতারের দাবি জানানো হয়।

রংপুর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ