২২ মে ২০২১ (নিউজ ডেস্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়): ফিলিস্তিনের বেসামরিক জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা ও হত্যাযজ্ঞকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবিও জানিয়েছেন শিক্ষক সমিতি নেতারা।

শনিবার রাবি শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকরা এসব দাবি করেন। ক্যাম্পাসের শহীদ তাজউদ্দীন আহমেদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইয়েদুজ্জামান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু, শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডক্টর রেজাউল করিম, ডক্টর ইফতিখারুল আলম মাসউদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতারা। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ইসরায়েলের সেনাবাহিনীর সাম্প্রতিক হামলা ও বোমাবর্ষণের তীব্র প্রতিবাদ জানান। জেরুজালেমে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েল সরকার ও তাদের সেনাবাহিনী ফিলিস্তিনিদের বসতিতে অব্যাহতভাবে বোমাবর্ষণ করে আন্তর্জাতিক গণমাধ্যমের কার্যালয়সহ আবাসিক ভবন গুড়িয়ে দেয়া এবং নারী ও শিশুসহ প্রায় তিনশ ফিলিস্তিনিকে হত্যা করার নিন্দা জানান।
বক্তারা বলেন, হামাস ও ইসরায়েলি বাহিনী শুক্রবার সকালে অস্ত্রবিরতির ঘোষণা দেয়। কিন্তু সেদিনই ইসরায়েলি বাহিনী আবার হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর এই আচরণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মোটেও সহায়ক নয়। এ জন্য ইসরায়েলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আন্তর্জাতিক অঙ্গনকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
রাবি/এএমএম/টিটি
















Leave a Reply