২৩ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি নেতারা রাষ্ট্রপতি’র শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত থেকে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানও এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতির এই শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত থেকে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে চিরাচরিতভাবে বিষোদগার করে চলেছেন।
‘নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকার না থাকলে সে নির্বাচন কোনও দিন অবাধ ও সুষ্ঠু হতে পারে না’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই জানি, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচন অনুষ্ঠান ও তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব।
তিনি বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক ব্যবস্থা নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা দায়িত্ব পালন করেন। নির্বাচন সরকারের অধীনে হয় না। নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের অধীনে। সরকার এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে মাত্র।
দেশের চলমান গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে রাষ্ট্রপতির সাথে সংলাপে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, জনগণের মতামত প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো নির্বাচন। সেই নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আশা করি, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক ক্ষণে গৌরবোজ্জ্বল সময়ে রাষ্ট্রপতির উদ্যোগে চলমান সংলাপে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা আরও গতিশীল হবে।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply