রোববার ব্যাংক বন্ধ

০৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): লকডাউনের মধ্যে আগামী সপ্তাহের প্রথম দিন রোববার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোমবার ও মঙ্গলবার লেনদেন চলবে। ওই দুই দিন লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ব্যাংকের সময় অনুযায়ী পুঁজিবাজারেও লেনদেনের সময় বাড়ানোর কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহে শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটির সাথে রোববারও ব্যাংক বন্ধ থাকবে। পরের দুদিন অর্থাৎ সোম ও মঙ্গলবার ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে। তবে আনুসঙ্গিক কাজের জন্য বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের লকডাউন জারি করে সরকার। লকডাউনের আওতায় সপ্তাহে শুক্রবার এবং শনিবার সপ্তাহিক ছুটির পাশাপাশি রোববার এবং বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। বাকি দিনগুলোতে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে বৃহস্পতিবার দেশে চলমান বিধিনিষেধ সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এ অবস্থায় আজ নতুন প্রজ্ঞাপন জারি করে আগামী রোববার ব্যাংক লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের সময়সূচির সাথে তাল মিলিয়ে চলা পুঁজিবাজারে রোববার লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, পুঁজিবাজারে আগামী সপ্তাহে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। চলতি সপ্তাহে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হচ্ছিল।

ব্যাংকিং সময়সীমা/এসকেএম