শাস্তি পেলেন আফ্রিদি

২১ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ দলের তরুণ ব্যাটার আফিফ হোসেনকে বল ছুড়ে মারায় পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আফ্রিদির নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির লেভেল-১ এর কোড অব কন্ডাক্ট ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২ দশমিক ৯ ভঙ্গ করেন তিনি। এ ধারায় পাকিস্তানি পেসারকে সর্বনিম্ন সাজা দিয়েছে আইসিসি।

ফিল্ড আম্পায়ার গাজী সোহেল, সোহেল তানভীর ও থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত অভিযোগ গঠন করেন। পরে আফ্রিদি তার অপরাধ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।

শনিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় ওভারে আফ্রিদিকে ছক্কা মারেন আফিফ হোসেন। পরের বল তিনি ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় আফ্রিদির দিকে। শাহিন বল ধরেই স্টাম্পে ছুড়ে মারেন। আফিফ দাঁড়িয়ে ছিলেন ক্রিজে। রান নেয়ার কোনও চেষ্টাই করেননি। তা সত্বেও আফ্রিদি সজোরে বল ছুড়ে মারেন। বল গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। তিনি সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর আফ্রিদিসহ পাক ক্রিকেটাররা আফিফের কাছে গিয়ে চোট গুরুতর কিনা খোঁজ নেন বটে। তবে শাহিনের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটবিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *