০৮ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সদস্য দেশগুলিতে ভার্চ্যুয়াল সফর শুরু করবেন। করোনা ভাইরাসের কারণে অফিসিয়াল সফরগুলি বন্ধ হওয়ায় তিনি প্রথমবারের মত ভার্চ্যুয়াল সফর শুরু করতে যাচ্ছেন।
অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক জানিয়েছেন, রোববার থেকে এ সফর শুরু হবে। এ সফরে তিনি অনলাইনে বিভিন্ন বৈঠকে অংশ নিবেন। কোভিড-১৯ এর কারণে ব্রিটেনের জনস্বাস্থ্য পরিস্থিতির অবনতি ঘটায় লন্ডন সফর বাতিল করেন জাতিসংঘ মহাসচিব। পরে আয়োজন করা হয় ভার্চুয়াল বৈঠকের। খবর: এএফপি।
ডুজারিক জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে মহাসচিব তার ভার্চ্যুয়াল সফরে একটি কর্মসূচিতে অংশ নিবেন।
ধারণা করা হচ্ছে, বর্তমানের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বজুড়ে অংশীদারিত্ব নবায়নের আহ্বান জানাবেন গুতেরেস।
মুখপাত্র বলেন, আগামী সোমবার ও মঙ্গলবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটি নির্দিষ্ট অধিবেশনে তার অংশ নেয়ার কথা রয়েছে। গুতেরেস ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এবং আর্চ বিশপ অব ক্যান্টাবুরি জাস্টিন ওয়েলবির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
জাতিসংঘ/এসকেএম/আরএম















Leave a Reply