সংগ্রামে, সঙ্কটে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব

০৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে জাতির পিতা হননি। তিনি তের বছর কারাগারে ছিলেন, সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন। বেগম মুজিব সবসময় ভয় ভীতি উপেক্ষা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিরবিচ্ছিন্ন সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন। জীবনে মরণে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির পিতার সহযোগী। সংগ্রামে, সঙ্কটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক সহযাত্রী ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।

রোববার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে শুধু স্বামী হিসেবে নয়, নেতা হিসেবেও গ্রহণ করেছিলেন। নির্ভীকভাবে তিনি মৃত্যু পর্যন্ত জাতির পিতার পাশে ছিলেন।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রাস্ট্র প্রধানদের স্ত্রীরা কিভাবে চলে আমরা দেখি। তারা মানুষের সামনে শোপিস হিসেবে হাজির হয়। আমরা দেখি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া কিভাবে চলে। তাদের সাথে বঙ্গমাতার তুলনা হয়না। তিনি দেশকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন। তিনি সম্পদের কথা ভাবেননি, অলঙ্কারের কথা ভাবেননি, বিত্ত বৈভবের কথা ভাবেননি। জাতির পিতার সহধর্মিণী বেগম মুজিব সন্তানদের মানুষ করেছেন, নিভৃতে মানুষের জন্য কাজ করে গেছেন। জাতির প্রয়োজনে সাহসী ভূমিকা পালন করেছেন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাইদসহ অন্যরা।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম/এসকেএম