সন্দেহ ভাইরাসে আক্রান্ত বিএনপি

২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিটি বিষয়ে সন্দেহ করা- বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি।

শনিবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র ‘কোরআন শরিফ রাখা’ ইকবাল হোসেনের গ্রেফতারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে, তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন- গ্রেফতার হওয়া যুবক এতোদিন কোথায় ছিল?

মন্ত্রী বলেন, আসলে যে কোনও অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব। প্রতিটি বিষয়ে সন্দেহ করা- বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি।

গ্রেফতার হওয়া যুবক ইকবাল এতোদিন কোথায় ছিল- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আপনিই তথ্য প্রমাণ দিয়ে বলুন, এ কয়দিন ইকবাল কোথায় ছিলো? আসলে যে কোন অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব।

ওবায়দুল কাদের বলেন, অবস্থাদৃষ্টে জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে যে, বিএনপির এই অতি-প্রতিক্রিয়া বা আগবাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কিনা? বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন। তারা চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাক।

বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সব সময় প্রতিপক্ষ ভেবে আসছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এখন তারা সরকারের উপর দায় চাপাচ্ছেন। আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছেন।

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে আপনাদেরকে ভোট না দেয়ার কথিত অপরাধে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন কেন? কেন ঘরবাড়ি পুড়িয়েছিলেন, সম্পদ লুট করেছিলেন?

সরকারের মদদ ছাড়া সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়না’ বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাহলে ২০০১ সালের সমস্যার দায় কি বিএনপি স্বীকার করে নিচ্ছেন? বিএনপি নেতারা এসব বিষয়ে স্পষ্ট করবেন।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *