সমালোচনাকারী বিএনপি নেতারা এখন টিকা নিয়েই স্বস্তিতে

০৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, করোনার টিকার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছিলেন বিএনপি নেতারা। তারাই আবার সেই টিকা নিয়েই স্বস্তিপ্রকাশ করে প্রমাণ করলেন যে, তারা মিথ্যে সমালোচনাই করেন এবং গাধা জল ঘোলা করেই খায়।

শুক্রবার রাজধানীর কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা এমনও বলেছিলেন, টিকা নিলে স্বাস্থ্যের ক্ষতি হবে। তারাই পরে গোপনে এবং কেউ কেউ প্রকাশ্যেই টিকা নিয়েছেন। ডাক্তার জাফরুল্লাহ সাহেবও অনেক সমালোচনা করে শেষে বললেন, টিকা নিয়ে খুব আরাম পাচ্ছেন। মির্জা ফখরুল সাহেব নিয়েছেন, ক’দিন আগে দেখলাম, রিজভী সাহেবও চুপি চুপি টিকা নিয়েছেন।

মন্ত্রী বলেন, মহামারির মধ্যে জনগণের পাশে না থেকে সরকারের অযথা সমালোচনায় ব্যস্ত বিএনপি নেতাদের স্বরূপ হচ্ছে। তাদের বেশিরভাগই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করতে বিএনপিতে যোগ দিয়েছিলেন। জিয়া বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করলে তারাও ফুটবলের দলবদলের মতো তার বিএনপিতে যোগ দেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর পর ‘রাজনীতির কাকেরা’ গিয়ে এ বিএনপি গঠন করেছে।

খিলক্ষেত থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য হাবিব হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন। পরে উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী  বিতরণ করেন তারা।

তথ্যমন্ত্রী/এসকেএম