৪ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): নোয়াখালীর ভাসানচর থেকে সাঁতার কেটে নদী পার হয়ে চট্টগ্রামের সন্দ্বীপে এসেছিলেন চার রোহিঙ্গা তরুণ। পরে স্থানীয় ব্যক্তিদের সন্দেহ হলে ওই চার তরুণকে পুলিশে সোপর্দ করেন তারা।
রোববার সকাল ৯টার দিকে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আটক চার রোহিঙ্গা তরুণ হলেন- মোহাম্মদ রফিক, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আজিজ মোল্লা ও মোহাম্মদ জুবায়ের হোসেন। আটক তরুণেরা সবাই ভাসানচর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
পুলিশ জানায়, ওই চার রোহিঙ্গা তরুণ সাঁতার কেটে ভাসান চর থেকে নদী পার হয়ে সন্দ্বীপে আসেন। এরপর তারা স্থানীয় বাসিন্দাদের জেরার মুখে পড়েন। পরে তারা স্থানীয় বাসিন্দাদের জানান, চাকরি করার জন্য তারা সন্দ্বীপে এসেছেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বিষয়টি থানায় জানান।
ওসি শহিদুল ইসলাম বলেন, ওই চার রোহিঙ্গা তরুণকে আটক করে নিয়ে থানায় আসা হয়েছে। তাদেরকে পুনরায় ভাসানচরের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে।
রোহিঙ্গা সংকট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply