১৮ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): ভারতে পূজা উদ্বোধন নিয়ে বিপাকে সাকিব আল হাসান। সাকিবকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তার বাড়তি নিরাপত্তা হিসেবে সাথে গানম্যান নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার সকালে সাকিব মিরপুরে আসেন অনুশীলনে। সে সময় তার সাথে একজন গানম্যানকে দেখা যায়। সাকিবের নিরাপত্তার জন্য গানম্যান দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, এটা বাড়তি নিরাপত্তার জন্য। যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটা জিনিস এসেছে, তাই সাময়িকভাবে একটু সাবধানতা অবলম্বন করা হচ্ছে।
এর আগে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর জাতীয় দলের সে সময়কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে-সহ অন্য বিদেশি কোচিং স্টাফদের নিরাপত্তায় সার্বক্ষণিক গানম্যান নিয়োগ দিয়েছিল বিসিবি।
উল্লেখ্য, এক বছর নিষেধাজ্ঞা শেষে দেশে ফেরার পর সাকিবকে ঘিরে একের পর এক বিতর্ক শুরু হয়। দেশে ফেরার পরদিন স্বাস্থ্যবিধি না মেনে তিনি একটি সুপার শপ উদ্বোধন করেন।
এরপর বেনাপোল সীমান্ত দিয়ে কলিকাতা যাওয়ার পথে সাকিবের হাত লেগে এক ভক্তের মোবাইল পড়ে যাওয়া নিয়ে দ্বিতীয় বিতর্ক শুরু হয়। এ নিয়ে সাকিব ভিডিও বার্তায় জানিয়েছেন, ওই ভক্ত তার অনুমতি ছাড়াই এবং স্বাস্থ্যবিধি না মেনে অনেকটা গায়ের ওপর উঠে ছবি তোলার চেষ্টা করেন। এ সময় তাকে সরিয়ে দিতে গেলে হাত লেগে ওই ব্যক্তির ফোন পড়ে যায়।
সবশেষ বিতর্ক সাকিবের কলকাতায় পূজা উদ্বোধনের খবরে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এ নিয়ে। এমনকি এজন্য তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে প্রাণনাশের হুমকি দেন সুনামগঞ্জের এক যুবক। পরে অবশ্য তাকে গ্রেফতার করে র্যাব।
একের পর এক সাকিবকে নিয়ে এমন বিতর্ক তৈরি উদ্দেশ্যমূলকভাবেও কোন গোষ্ঠী করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সাকিব কলিকাতায় পূজা উদ্বোধন করায় শুধু ধর্মীয় মৌলবাদীরা তার সমালোচনা করছিলেন। সে সময় অসাম্প্রদায়িক ও প্রগতিশীল হিসেবে পরিচিতরা চুপ ছিলেন। কিন্তু তাকে হত্যার হুমকি দেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করতে সাকিব যখন নিজে ফেসবুক লাইভে এসে ক্ষমা চান, তখন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক হিসেবে দাবিদাররা এই ক্ষমা চাওয়ার বিপক্ষে অবস্থান নেন। সব মিলিয়ে ধারণা করা হয়, সাকিববিরোধী বলয় দেশে শক্তিশালী হচ্ছে।
খেলা/এসকেএম/আরএম
















Leave a Reply