বিনোদন ডেস্ক: চলতি মাসের ২৪ তারিখ মুক্তি পাবে ‘জন উইক’-এর চতুর্থ কিস্তি। এর আগেই এল সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ল্যান্স রেডডিকের মৃত্যুর খবর।
শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। তার মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, স্বাভাবিক কারণেই ৬০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে।
ল্যান্স রেডডিক জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’-অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত এইচবিওর জনপ্রিয় সিরিজটিতে তিনি অভিনয় করেছেন। ‘জন উইক’ সিনেমায় অপরাধীদের আন্ডারগ্রাউন্ড হাব দ্য কন্টিনেন্টাল হোটেলের অভ্যর্থনাকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে এই অভিনেতা জন উইক সিনেমার চতুর্থ কিস্তির প্রচারণার কাজে ব্যস্ত ছিলেন।
‘জন উইক’ সিনেমার সহ-অভিনেতা কিয়ানু রিভস ও সিনেমাটির পরিচালক চাদ স্ট্যাহেলস্কি ‘জন উইক ৪’ সিনেমাটি এই অভিনেতাকে উৎসর্গ করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ল্যান্স রেডডিক আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন একজন পরিপূর্ণ পেশাদার অভিনেতা এবং তার সাথে কাজ করাও ছিল আনন্দের। আমাদের প্রার্থনা ও ভালোবাসা থাকবে তার স্ত্রী স্টেফানি, তার সন্তান, পরিবার ও বন্ধুদের সাথে। আমরা তার স্মৃতিতে সিনেমাটি তাকে উৎসর্গ করছি। তাকে খুব মিস করব।
দীর্ঘ ২৫ বছরের অভিনয় ক্যারিয়ারে এই অভিনেতা অনেকগুলো সিনেমা ও টিভি সিরিজে অভিনয় করেছেন। তাকে- লস্ট, সিএসআই: মিয়ামি, নেটফ্লিক্সের সিরিজ- রেসিডেন্ট ইভিল, আমেরিকান হরর স্টোরি: কোভেন, দ্য ব্ল্যাকলিস্ট, ওয়ান নাইট ইন মিয়ামি, অ্যাঞ্জেল হ্যাজ ফলেন ও গডজিলা বনাম কং ইত্যাদি সিনেমায় দেখা গেছে। এ ছাড়া তাকে অ্যানা ডি আরমাস অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্যালেরিনা’ সিনেমায়ও দেখা যাবে।
‘ওয়ান নাইট ইন মিয়ামি’ সিনেমায় অভিনয়ের জন্য এই অভিনেতা ২০২১ সালে স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন।
হলিউড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply