২৩ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে বাংলাদেশেরকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এতে সিরিজে ১-১ সমতা ফিরেছে সিকান্দার রাজার দল।
শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ দশমিক ৫ ওভারে ১৪৩ রান করতেই অল আউট হয় টাইগাররা।
বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই বোল্ড হন নাঈম। মুজারাবানির বলে সাজঘরে ফেরার আগে তিনি করেন ৫ রান। একই ওভারে আউট হন সৌম্যও। তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে বেঁচে গেলেও পরের বলেই সিকান্দার রাজার তালুবন্দী হন ৮ রান করা এ ওপেনার।
এরপর অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন সাকিব, রিয়াদ ও মাহেদী হাসান। সাজঘরে ফেরার আগে তারা করেন যথাক্রমে ১২, ৪ ও ১৫ রান। তিনজনকেই শিকার করেন ওয়েলিংটন মাসাকাদজা। আগের ম্যাচের নায়ক নুরুল হাসান সোহানকে ৯ রানের বেশি করতে দেননি চাতারা।
৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। তবে অভিষিক্ত শামীম পাটোয়ারীর ক্যামিও ইনিংসে আবারও ম্যাচে ফেরার আভাস দেয় টাইগাররা। জঙ্গওয়ের বলে আউট হওয়ার আগে মাত্র ১৩ বলে ২৯ রান করেন তিনি। হাঁকান তিনটি চার ও দুইটি ছক্কা।
একপ্রান্ত আগলে রেখে খেলা আফিফ হোসেন ধ্রুব রানের গতি বাড়াতে গিয়ে ২৫ বলে ২৪ রানে আউট হন। শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৫ রান, হাতে ছিল ২ উইকেট। মুজারাবানির করা পেনাল্টিমেট ওভারে ৪ রানের বেশি নিতে পারেননি সাইফউদ্দিন ও তাসকিন। বলা যায় এখানেই ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। শেষ ওভারে সাইফউদ্দিন ১৯ রানে ফেরেন। মাসাকাদজার হাতে তাসকিন ক্যাচ তুলে দেয়ার মাধ্যমে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
এরআগে টস জিতে ব্যাট করতে নেমে মাধেভেরের ৭৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম শিকার করেন ৩ উইকেট। মাহেদী ও সাকিব একটি করে উইকেট নেন।
ক্রিকেট/এসকেএম/আরএম
















Leave a Reply