সিরিজ জিততে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করতে হলে বাংলাদেশকে ১২০ বলে ১৭৫ রান করতে হবে।

আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে শ্রীলংকা। দলের হয়ে ৫৫ বলে সর্বোচ্চ ৮৬ রান করেছেন ওপেনার কুশাল মেন্ডিস।

সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়ায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও বাংলাদেশ হেরে যায় মাত্র ৩ রানে। গত বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিকে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। আজ শেষ ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি তথা ‘অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল।

টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তাসকিনের গতির মুখে পড়েন লংকান ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভা। তিনি দলীয় ১৮ রানে ১২ বল খেলে মাত্র ৮ রানে আউট হন।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা কামিন্দু মেন্ডিসকে সাথে নিয়ে ২৭ বলে ৩৪ রানের জুটি গড়েন অন্য ওপেনার কুশাল মেন্ডিস। ১২ বলে ১২ রান করে ফেরেন কামিন্দু।

এরপর তৃতীয় উইকেটে ওয়ানেন্দু হাসারাঙ্গাকে সাথে নিয়ে ৩১ বলে ৫৯ রানের জুটি গড়েন কুশাল মেন্ডিস। ম্যাচে ১৩ বল খেলে মাত্র ১৫ রানে ফেরেন লংকান অধিনায়ক হাসারাঙ্গা।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৫ বলে ৩ রানে ফেরেন চারিত আসালঙ্কা। ইনিংস ওপেন করতে নেমে উইকেটের এক প্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির পথেই ছিল কুশাল মেন্ডিস। দলীয় ১৪০ রানে তাকে ফেরেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে আগে ৫৫ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৬ রান করেন কুশাল মেন্ডিস।

মেন্ডিস আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৭ বলে ৯ রানে ফেরেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৯ বলে দুই চার আর এক ছক্কায় ১৯ রান করেন সাবেক আরেক অধিনায়ক দাসুন শানাকা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করে শ্রীলংকা। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *