সুপার ওভারে শ্রীলংকার নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক: সুপার ওভারের নাটকীয় জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারী শ্রীলংকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রান করে শ্রীলংকা। জবাবে স্বাগতিক নিউজিল্যান্ডও ৮ উইকেটে ১৯৬ রান করলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

আজ রোববার অকল্যান্ডে টস জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং নেয়। প্রথম বলেই ওপেনার পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলংকা। শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। দ্বিতীয় উইকেটে তারা ১৯ বলে ৪৭ রান তোলেন। ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৫ রান করে ফিরেন মেন্ডিস।

দলীয় ৬৫ রানে ধনাঞ্জয়া ডি সিলভা ১৫ রানে আউট হন। এরপর পেরেরা ও চারিথ আসালঙ্কা ৬৮ বলে ১০৩ রান যোগ করেন। ৪১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন আসালঙ্কা। শেষ দিকে ১১ বলে অপরাজিত ২১ রান করেন হাসারাঙ্গা। ৪৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন পেরেরা। এতে ৫ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ দাড় করায় লংকানরা। কিউইদের নিশাম ২ উইকেট নেন।

জবাবে ৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডও শুরুতেই চাপে পড়ে। এরপর অধিনায়ক লাথামের সাথে ৬৩ এবং চাপম্যানের সাথে ৬৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন ড্যারিল মিচেল। লাথাম ১৬ বলে ২৭ এবং চাপম্যান ২৩ বলে ৩৩ রান করে আউট হন।

৪৪ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রানে ফিরেন মিচেল। দলীয় ১৪৪ রানে মিচেল ফেরার পর নিশাম ১০ বলে ১৯ ও রাচিন রবীন্দ্র ১৩ বলে ২৬ করেন।

শেষ ওভারে ১৩ রান দরকার ছিল কিউইদের। শেষ বলে ৭ ও টাই করতে ৬ রান দরকার পড়ে তাদের। এ অবস্থায় মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাই করেন ইশ সোধি। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। শ্রীলংকার মধুশান-হাসারাঙ্গা ও শানাকা ২টি করে উইকেট নেন।

সুপার ওভারে ২ উইকেট হারিয়ে ৮ রান করে নিউজিল্যান্ড। ৯ রানের টার্গেটে বলে ছক্কা ও নো-বলে বাউন্ডারি মেরে শ্রীলংকাকে দুর্দান্ত জয় এনে দেন ম্যাচ সেরা আসালঙ্কা।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৫ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে শ্রীলংকা।

টি-টোয়েন্টি/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *