সুযোগ পেলে বিএনপি আবার হাওয়া ভবন-খোয়াব ভবন খুলবে

১৯ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সুযোগ পেলে বিএনপি আবার হাওয়া ভবন-খোয়াব ভবন খুলবে। পাঁচশ’ নয় হাজার জায়গায় বোমা ফাটাবে। কিন্তু জনগণ তাদের সেই সুযোগ দেবে না।

শনিবার পাবনায় পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় ডক্টর হাছান মাহমুদ এসব একথা বলেন।

আওয়ামী লীগের পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লালের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এবং সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ দলীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি সুযোগ পেলে এখন যারা গ্রামে গ্রামে ভাতা পাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। ওএমএস এর চাল বন্ধ হয়ে যাবে। যারা ঘর পাচ্ছে সেই ঘর বিএনপির গুন্ডাপান্ডারা দখল করে নেবে। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর ৬ হাজার কমিউনিটি ক্লিনিক দখল করে নিয়েছিল। আবার তারেক জিয়া আসবে, সব ব্যবসা থেকে চাঁদা তুলবে।

বিএনপি-জামাতের কোন রাজনীতি নেই, করোনাকালে বিএনপি নেতাদেরকে মানুষের পাশে দেখা যায়নি উল্লেখ করে ডক্টর হাছান বলেন, বিএনপির রাজনীতি আওয়ামী লীগের ভুল ধরা আর বেগম জিয়ার তাপমাত্রা আর ব্যথা নিয়ে। তাকে আলোচনায় রাখার জন্য কানাডার একনেতা অ্যাওয়ার্ড দিয়েছে। এই হলো তাদের রাজনীতি। আর তাদের পক্ষে যারা রাত ১২টার পর টেলিভিশন গরম করে, তারা ফকিরের ভিক্ষাও দেয় না। এদের বাড়ীতেও কেউ যায় না। অপরদিকে আওয়ামী লীগ নেতারা দেশব্যাপী ত্রাণ ও করোনা প্রতিরোধ সামগ্রী দিয়েছেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রতিটি মানুষের ভাগ্যে পরিবর্তন এসেছে। শতভাগ বিদ্যুৎ মানুষ পাচ্ছে। তিনকোটি মানুষ ভাতা পাচ্ছে। প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ষাটোর্ধ সবার জন্য পেনশন স্কিম চালু করছেন, এসব মানুষের কাছে তুলে ধরতে হবে।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *