সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে জাতিসংঘের আহ্বান

০৪ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নির্বাচন ভন্ডুল করে দেয়া অগ্রহণযোগ্য। সেনা অভ্যুত্থানে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাদের বোঝা উচিত এভাবে দেশ শাসন করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। খবর: বিবিসি।

মিয়ানমারে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্য একমত হবে বলে আমি আশাবাদী।

সোমবার ভোরে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ সময় ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি’সহ অধিকাংশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের সাথে এক আলাপে তিনি আরও বলেন, অভ্যুত্থানের ব্যর্থতা নিশ্চিত করতে মিয়ানমারের ওপর যথেষ্ট চাপপ্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মূল ভূমিকা পালনকারীদের জড়ো করতে আমরা সব কিছু করব।

তিনি বলেন, আমি আশা করি, মিয়ানমারে গণতন্ত্র আবার এগিয়ে যেতে শুরু করবে। কিন্তু সব কারাবন্দিকে মুক্তি দিতে হবে। আর সাংবিধানিক নির্দেশনা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

অ্যান্তোনিও গুতেরেস/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *