সড়ক দুর্ঘটনায় ২০৭ জন নিহত

২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ঈদুল আযহার আগে ও পরে সড়কে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ১৪ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে দুর্ঘটনা ঘটেছে ১৫৮টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৭ জন। এছাড়া আরও ৩৮৯ জন আহত হয়েছেন।

সোমবার রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্য মতে এই ১১ দিনে দুর্ঘটনা ঘটেছে ১৫৮টি। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের। দুর্ঘটনায় আহত ও নিহতদের মধ্যে সবচেয়ে বেশিও মোটরসাইকেল চালক ও আরোহীর।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৭৬টি মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৭ জন। এছাড়া ৩১ জন থ্রি-হুইলার যাত্রী (সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা), ১৩ জন মাইক্রোবাস ও প্রাইভেট কার যাত্রী, ১২ জন বাসযাত্রী, নসিমন-মহেন্দ্র ও চান্দের গাড়ির ১০ জন, ৮ জন ট্রাক-পিকআপ যাত্রী এবং তিনজন বাইসাকেল আরোহী নিহত হয়েছেন।

এসব তথ্য সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদ থেকে সংগ্রহ করা।

সংস্থাটি জানায়, এই সময়ের মধ্যে নৌ দুর্ঘটনা ঘটেছে চারটি। এতে ২ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। দুইটি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুইজন।

সড়ক দুর্ঘটনা/আরএম/কিউটি

http://artnewsbd.com