২৮ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
সোমবার সন্ধ্যায় হার্ট অ্যাটাক হয় ইনজামামের। পরে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তার এনজিওপ্লাস্টি হয়েছে। খবর: দ্য ডন।
পাকিস্তানি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, তিন দিন ধরেই নাকি বুকে অস্বস্তি বোধ করছিলেন ইনজামাম। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা করে দেখা যায়, ৫১ বছর বয়সী সাবেক ক্রিকেটারের হার্ট অ্যাটাক হয়েছে। সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার একজন সহকারী জানিয়েছেন, আপাতত ইনজামামের অবস্থা স্থিতিশীল। তবে তাকে আরও কয়েক দিন চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখবেন।
১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ইনজামাম। পরবর্তীকালে পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের একজন হন তিনি। অধিনায়ক হিসেবে দারুণ সফল। তাকে পাকিস্তান ক্রিকেট–ইতিহাসের অন্যতম সেরা তারকা বলা হয়।
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ইনজামামের ৩৭৫ ম্যাচে ১১ হাজার ৭০১ রান। টেস্টে পাকিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।
অবসরের পর পাকিস্তান ক্রিকেটের সাথে নানাভাবেই নিজেকে জড়িয়েছেন ইনজামাম। জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। হয়েছেন প্রধান নির্বাচক। কিছুদিন তিনি আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইনজামামুল হক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply