নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ৬ ফুট দৈর্ঘ্যের মৃত একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ডলফিনটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেন।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক তৌহিদা রশীদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ডলফিনটিকে ইরাবতী প্রজাতির বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। নমুনা সংগ্রহের পর সৈকতের বালিয়াড়িতে ডলফিনটি মাটিচাপা দেয়া হয়।
ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অন্তত দুই সপ্তাহ আগে শরীরে রশি পেঁচিয়ে শ্বাসরোধে ডলফিনটি মারা পড়েছে। ৬ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির ওজন ১০০ কেজি। শরীরে পচন ধরায় বিকৃত হয়ে গেছে। তিনি বলেন, উপকূলে ঘোরাঘুরির সময় জেলেদের জালের রশিতে আটকে ডলফিনটি মারা পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বুধবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে একটি মরা পরপয়েস ভেসে আসে। ইংরেজিতে প্রাণীটি ইন্দো-প্যাসিফিক ফিনলেস পরপয়েস হিসেবে পরিচিত। বৈজ্ঞানিক নাম ‘নিওফোকেনা ফোকেনয়েডস’। দেখতে ইরাবতী ডলফিনের মতো। বাচ্চা অবস্থায় শরীরের রং কালো থাকলেও বয়স বাড়ার সাথে সাথে বিবর্ণ হতে থাকে। এটি ৫ থেকে ৬ ফুট পর্যন্ত লম্বা হয়।
কক্সবাজার/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply