হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ

১৪ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): শেষ কবে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল তা এখন স্মৃতি হাতড়ে বেড়াতে হয়। নিয়মিত হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় টিম বাংলাদেশকে ছুতে পারেনি অনেকদিন। কিন্তু প্রায় এক বছর পর সাদা পোষাকে পুরনো লজ্জায় আবার মুখ ঢাকলো টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো মুমিনুলরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একদিন হাতে রেখেই সফরকারীরা জয় তুলে নিল।

রোববার মিরপুর টেস্টের চতুর্থ দিনে আগের দিন ৩ উইকেট হারিয়ে ৪১ রান করা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নামে। নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ মুখ থুবড়ে পরে। বাংলাদেশি স্পিন আক্রমণে দিশেহারা অতিথিরা ১১৭ রানে হারায় সব উইকেট।

প্রথম ইনিংসে ৪০৯ রানের সুবাদে তাদের লিড দাঁড়ায় ২৩১ রানে। বাংলাদেশ দলের হয়ে তিন স্পিনার তাইজুল ইসলাম ৪, নাইম হাসান ৩ আর মেহেদী হাসান মিরাজ নেন এক উইকেট। দুই উইকেট শিকার করেন পেসার আবু জায়েদ রাহী।

২৩১ রানের লক্ষ্যে মাঠে নেমে সূচনাটা দারুণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৫৯ রান করা বাংলাদেশ এরপর ৫৬ রানের ব্যবধানে সৌম্য, তামিম, শান্ত, মুশফিক ও মিঠুনকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

ষষ্ঠ উইকেট জুটিতে লিটন দাসকে সাথে নিয়ে ৩২ রানের জুটি গড়েন অধিনায়ক মুমিনুল হক সৌরভ। এরপর আবারও ব্যাটিং বিপর্যয়। ৫ উইকেটে ১৪৭ রান করা বাংলাদেশ এরপর মাত্র ১৬ রানের ব্যবধানে হারায় মুমিনুল, লিটন ও তাইজুল ইসলামের উইকেট।

দলের পরাজয় এড়াতে শেষদিকে একাই চেষ্টা করে যান মেহেদী হাসান মিরাজ। তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি নাইম হাসান ও আবু জায়েদ রাহী। দলীয় ১৮৮ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন নাইম হাসান।

জয়ের জন্য শেষ উইকেটে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৩ রান। শেষ ব্যাটসম্যান আবু জায়েদ রাহীকে নিয়ে ২৫ রান করতে তুলতে সক্ষম হন মিরাজ। তবে দলীয় ২১৩ রানে স্লিপে ক্যাচ তুলে দিয়ে মিরাজ আউট হলে তীরে এসে তরী ডোবে বাংলাদেশের। হেরে যায় ১৭ রানে।

ক্রিকেট/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *