২৯ মে ২০২২ (নিউজ ডেস্ক): আত্মপ্রকাশ করতে যাচ্ছে সাত রাজনৈতিক দলের জোট ‘গণতন্ত্র মঞ্চ’। জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণসংহতি আন্দোলন মিলে সাত দলের এই রাজনৈতিক জোট।
রোববার জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় অনুষ্ঠিত সভায় এ বিষয়ে ঐকমত্য হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় ৭ দলের এই যৌথ রাজনৈতিক উদ্যোগকে ‘গণতন্ত্র মঞ্চ’ হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে ঐক্যমত্য পোষণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, যথাসম্ভব স্বল্পতম সময়ে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এই মঞ্চ আত্মপ্রকাশ করবে। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সভায় নেয়া এক প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আচরণের তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। বলা হয়, সরকারি দলের ছাত্রসংগঠন জবরদস্তি করে যে ধরনের দখলদারিত্ব কায়েম করেছে তা দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে গুরুতরভাবে বিপন্ন করেছে। প্রস্তাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও নিন্দা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রেসিডিয়াম সদস্য বহ্নি শিখা জামালী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, গণঅধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
রাজনৈতিক জোট/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply