আগামীকাল জাতীয় কবির জন্মজয়ন্তি

২৪ মে ২০২১ (নিউজ ডেস্ক): কাজী নজরুল ইসলাম। ডাক নাম ‘দুখু মিয়া’। আমাদের জাতীয় কবি। আগামীকাল ১২২তম জন্মবার্ষিকী। বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।

জাতীয় কবির জন্মবার্ষিকীতে করোনা ভাইরাসের কারণে এ বছরও কোন অনুষ্ঠান হচ্ছে না। তবে সকালে বিভিন্ন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির সমাধিস্থলে পুস্পস্তবকঅর্পণ করে কবির প্রতি শ্রদ্ধা জানাবে।

এদিকে, আজ সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনের ‘আমিই নজরুল আন্তর্জাতিক নজরুল উৎসব’। নজরুলের সাম্যবাদ নিয়ে এ আয়োজন করেছে মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’। উৎসবে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগাল থেকে ৩২ জন নজরুল গবেষক, লেখক ও নজরুল সংগীত শিল্পী অংশগ্রহন করছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবির জন্মদিন উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

বাংলাদেশ টেলিভিশন, বেতার ছাড়াও বেসরকারি বিভিন্ন টেলিভিশন ও বেতার কবির জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

কাজী নজরুল ইসলাম ইতিহাস ও সময় সচেতন মানুষ ছিলেন। যার প্রভাব তাঁর লেখায় স্পষ্টভাবে পাওয়া যায়। তুরস্কে কামাল পাশার নেতৃত্বে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা, রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব আর ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তরঙ্গকে নজরুল তাঁর সাহিত্যে বিপুলভাবে ধারণ করেছেন।

তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক।

জাতীয় কবির লেখা কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস।

স্বাধীনতার পর পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্যস্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তাঁর বসবাসের ব্যবস্থা করেন। ধানমন্ডিতে কবির জন্য একটি বাড়ি প্রদান করেন।

তিনি ১৯৭৬ সালে পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল।

জাতীয় কবি/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *