১৮ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): নাটকে আইনজীবীদের কটাক্ষ করে অভিনয় করায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
রোববার কুমিল্লার সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী।
মামলায় মোশাররফ করিম ছাড়াও অন্য চারজন হলেন অভিনেতা জামিল হোসাইন, অভিনেতা ফারুক আহমেদ, পরিচালক আদিবাসি মিজান এবং বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা।
মামলা প্রসঙ্গে আইনজীবী রফিকুল ইসলাম জানান, বৈশাখী টিভিতে ‘হাই প্রেশার-২’ নামের একটি নাটক প্রচার হয়েছিল। সে নাটকে বিভিন্নভাবে আইন পেশাকে অসম্মান ও আইনজীবীদের মানহানি করা হয়েছে। এ জন্য মানহানি মামলা করা হয়েছে।
তিনি বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি আমলে নিয়েছেন। আগামী ১৮ আগস্টের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মোশাররফ করিম/এসকেএম















