দূর্দান্ত শুরু বাংলাদেশের, উদ্বোধনী জুটির রেকর্ড

২২ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): উদ্বোধনী জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেল টাইগাররা। নাঈম-সৌম্যের উদ্বোধনী জুটি রেকর্ড গড়ে দলকে জয় এনে দিয়েছে ৮ উইকেটের।

বৃহস্পতিবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে জিম্বাবুয়ে অধিনায়ক বল তুলে দিয়েছিলেন টাইগার কাপ্তানের হাতে। ছন্দে থাকা বাংলাদেশের বোলাররা এক ওভার হাতে রেখেই গুড়িয়ে দিয়েছিলেন স্বাগতিকদের ইনিংস।

তামিম-লিটন উদ্বোধনী জুটির ৯২ রানের রেকর্ডটি টিকলো মাত্র ১৬ মাস। উদ্বোধনী জুটিতে নাঈম-সৌম্য আজ শতরান করে সেই রেকর্ড ভাঙলেন।

১৫৩ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে নাঈম-সৌম্য জুটি এনে দেন দূরন্ত সূচনা। তাতেই শক্ত ভিত গড়ে ওঠে বাংলাদেশের। টাইগার ব্যাটসম্যানরা ছিন্নভিন্ন করে দেন জিম্বাবুয়ের বোলারদের সব আক্রমণ। টাইগারদের যে দুইটি উইকেটের পতন হয়, তা-ও হয়েছে রান আউটের খাড়ায় পরে। এতে স্বাগতিক বোলারদের কোন কৃতিত্ব ছিল না।

বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয় ১৩ দশমিক ১ ওভারে। ততোক্ষণে দলের রান তিন অংকে। ৪৫ বলে ঠিক ৫০ করেন সৌম্য। এতে চার বাউন্ডারি আর দুই ছক্কার মার ছিল। সৌম্যর পর হাফ সেঞ্চুরির দেখা পান মোহাম্মদ নাঈম। এতে তার খরচ ৪০ বল।

ওয়ান ডাউনে নামা মাহমুদউল্লাহ রিয়াদ ঝুঁকি নিয়ে রান নিতে আউট হয়ে যান। এরপর জুটি বাঁধেন নাঈম-সোহান। শেষ ১৮ বলে বাংলাদেশের দরকার ছিল ২৭ রান। তবে টাইগাররা ৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায়।

শেষ পর্যন্ত ৫১ বলে হার না মানা ৬৩ রান করেন নাঈম। এতে বাউন্ডারি ছিল ছয়টি। তার সঙ্গী সোহান ১২ বলে করেন অপরাজিত ১৬ রান।

এর আগে, ব্যাট হাতে জিম্বাবুয়ে সবক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন চাকাভা। বাংলাদেশের পক্ষে কাটার মাস্টার মুস্তাফিজ ৩টি, শরিফুল ও সাইফুদ্দিন ২টি করে এবং সাকিব একটি উইকেট শিকার করেন।

আরও পড়ুন: বাংলাদেশ লড়ছে ১৫৩ রানের জন্য

সংক্ষিপ্ত স্কোর:

টস: জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে: ১৫২/১০ (১৯ ওভার)

চাকাভা ৪৩, মায়ার্স ৩৫; মুস্তাফিজ ৩১/৩, শরিফুল ১৭/২ ও সাইফুদ্দিন ২৩/২।

বাংলাদেশ: ১৫৩/২ (১৮ দশমিক ৫ ওভার)

নাঈম ৬৬*, সৌম্য ৫০, সোহান ১৬*, রিয়াদ ১৫।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: বাংলাদেশ ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে।

জিতলো টাইগাররা/এএমএম/কিউটি

http://artnewsbd.com