ফিটনেসে সবার সেরা

১১ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): এক বছরের নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফটে নাম লেখাতে হলে উত্তীর্ণ হতে হবে ফিটনেস টেস্টে। গত দুদিনে ফিটনেস পরীক্ষায় অংশ নেন একশ’র বেশি ক্রিকেটার। সেখানে সর্বোচ্চ স্কোর ১৩ দশমিক ৬ ছিল পেসার মেহেদী হাসানের। বুধবার মেহেদীকে পেছনে ফেলে ১৩ দশমিক ৭ স্কোর নিয়ে ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর করেন সাকিব। 

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব। করোনা ভাইরাসের নমুনা টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে নাম্বার ওয়ানের। মাঠে ফিরতে বাকি ছিল ফিটনেস টেস্টের। বুধবার সকালে ফিটনেস পরীক্ষা দেন সাকিব।

সাকিবের ফিটনেস নিয়ে বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার গণমাধ্যমকে জানান, খুব ভালো অবস্থায় আছে সাকিব। এর আগে সাকিবকে আমি এমন স্কোর গড়তে দেখিনি। সাকিব হার্ডওয়ার্ক করে পরিশ্রমের ফল পেয়েছে। এক বছর সাকিব ক্রিকেটের বাইরে ছিলেন, কিন্তু আমি নিশ্চিত তিনি ফিটনেস ঠিকই ধরে রেখেছেন।

২০১৯ সালের ২৮ অক্টোবর জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি’র দুর্নীতি দমন বিভাগ তিনটি অভিযোগ আনে সাকিবের বিরুদ্ধে। এরপর সব ধরনের ক্রিকেট থেকে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত রাখা হয়।

নিষেধাজ্ঞার বেশিরভাগ সময়টাতে যুক্তরাষ্ট্রে স্ত্রী ও মেয়ের কাছেই ছিলেন সাকিব।

সাকিব/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *