মাঠে নামছেন মাশরাফি

০৬ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): লম্বা বিরতির পর আবারও মাঠে ফিরতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল এ অধিনায়ক। 

আসরে অংশ নেয়া ৫ দলের মধ্যে ৪টি দলই তাকে নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। ৪ দলের লড়াইয়ে শেষপর্যন্ত লটারির মাধ্যমে তাকে দলে ভেড়াতে সক্ষম জেমকন খুলনা। 

তারকাবহুল দলটিতে যোগ হলো আরেকটি বড় নাম। এমনিতেই সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ খেলছিলেন খুলনার হয়ে। পঞ্চপান্ডবের ৩ জনই যোগ হলো এই দলে। 

এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, আজ বিসিবি অফিসে অনুষ্ঠিত লটারির মাধ্যমে মাশরাফিকে দলে পেয়েছে জেমকন খুলনা। 

দলটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম বলেন, মাশরাফিকে আমাদের দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত। যদিও তার জন্মস্থান নড়াইল খুলনা বিভাগেই, কিন্তু এর আগে কখনও দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সে খুলনার হয়ে খেলে নি। আমি আশা করি, দল এবার আরও ভালো খেলবে এবং তাকে পাশে পেয়ে সবাই আরও ভালো খেলতে উৎসাহিত হবে। 

এর আগে ইনজুরির কারণে আসরের প্লেয়ার লিস্ট থেকে তার নাম সরিয়ে নেয়া হয়। ১লা ডিসেম্বর থেকে আবারও মাঠে ফেরার জন্য প্রস্তুতি শুরু করেন ম্যাশ। বিসিবি জানায়, আসরে খেলতে হলে তাকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। 

বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, মাশরাফী ফিটনেস টেস্টে পাশ করেছে।

ক্রিকেটারদের সর্বোচ্চ ‘এ’ গ্রেডে থাকবেন ম্যাশ। যার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা। তবে আসরের শেষদিকে এসে যোগ দেয়ায় কিছুটা কম পেতে পারেন মাশরাফি। 

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *