ঈদুল আযহা উদযাপিত

২১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপিত হয়েছে। করোনা অতিমারীর মধ্যেই এবারও ঈদ উদযাপিত হয়েছে।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ পরিবারের সদস্য এবং কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে সাথে নিয়ে বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

করোনা ভাইরাসের কারণে এবারও জাতীয় ঈদগাহ এবং ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। তবে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে প্রতি বছরের মত এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত এবার বায়তুল মোকাররম মসজিদেই অনুষ্ঠিত হয়েছে।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধকল্পে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সারাদেশের ঈদ জামাত অনুষ্ঠিত হয় মসজিদের ভেতরে স্বাস্থ্যবিধি মেনে।

সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে। এতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আতাউর রহমান।

এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় আরও চারটি ঈদের জামাত। মুসল্লিদের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল প্রথম ও প্রধান জামাতে।

করোনার কারণে এবারও ঈদের নামাজ শেষে মুসল্লিদের হাত মেলানো ও কোলাকুলির দৃশ্য চোখে পড়েনি। করোনার সংক্রমণ রোধকল্পে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ থেকে বিরত থাকেন মুসল্লিরা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আযহা’র জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ডক্টর সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া একই সময়ে ফজলুল হক মুসলিম হল মসজিদে ঈদের জামাত হয়।

রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার নামাজ আদায় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর বেনজীর আহমেদ। এবার রাজারবাগে ৩টি জামাত অনুষ্ঠিত হয়।

রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মসজিদ এবং ধানমণ্ডি ঈদগাহ মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদুল আযহা/এএমএম/রমু

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *