৩১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): গার্মেন্টসসহ সব শিল্প কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে আজ শনিবার রাত থেকেই আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

পয়লা আগস্ট থেকে শিল্প কলকারখানা চালু হচ্ছে। তাই শ্রমিকদের যাতায়াতের কথা বিবেচনা করে শনিবার রাত থেকে আগামীকাল রোববার পর্যন্ত সারা দেশ থেকে শ্রমিকদের ঢাকা নিয়ে আসার জন্য বাস চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।
এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঞ্চ চলাচলের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। পরে ঈদুল আযহা উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে শিথিল করা হয় ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত।
একইসাথে ২৩ দফা নির্দেশনা দিয়ে ঈদের তৃতীয় দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। যা এখনও চলমান। এই সময়ে সবকিছু বন্ধ থাকবে বলেও জানানো হয়। গণপরিবহণ, লঞ্চ, ট্রেন বন্ধ রাখা হয়।
লকডাউন/এসকেএম













